মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়কের পাশের নালা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দলারদরগা বাজারসংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক পথচারী সড়কের পাশের নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, কত দিন আগে মৃত্যু হয়েছে কিংবা কী কারণে তিনি ওই নালায় পড়ে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।