মিলন কুমার, লালমনিরহাট প্রতিনিধি:
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে মমিনুল হক।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেআর সারোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা দাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি থেকেই সচেতনতা কার্যক্রম শুরু করতে হবে। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কী করণীয়, সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। এতে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং নিরাপদে স্থান ত্যাগের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্য, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।