মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় চলনবিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০টিরও বেশি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ধ্বংস করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া, বিয়াশ ও পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম এবং পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে মাছ ধরার কারণে চলনবিলে দেশীয় প্রজাতির মাছের পোনা ও ছোট মাছ ব্যাপকভাবে ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিলের জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চলনবিলের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।