খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফান উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথ আনন্দ। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান এমপি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, নিয়মিত টহল এবং কন্ট্রোল রুম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গুজব প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক বাদল দেব, কল্যাণফ্রন্টের সদস্যসচিব ফটিক চন্দ্র রায় লিটন এবং পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব তাপস দাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নাসিরনগরের ঐতিহ্য। প্রতিবছরের মতো এবারও সব ধর্মের মানুষের সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। এ জন্য পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভা শেষে উপজেলার সব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।