মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তর বাজার থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছিল। ভবিষ্যতে দেশে কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে ছাত্র-জনতা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। তাদের বক্তব্য অনুযায়ী, একটি ফ্যাসিবাদ বিদায় হলেও নতুন আরেক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা তৈরি হচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সাহসী গণপ্রতিরোধ দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বক্তাদের দাবি, এই গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হন। তাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এ অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মো. তাহেরের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক সীতাকুণ্ড থানা আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, পৌর আমীর হাফেজ আলী আকবর, উপজেলা সেক্রেটারি মাহমুদ জুয়েল, অ্যাডভোকেট হোসাইন, মো. আশরাফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, অ্যাডভোকেট আশরাফুল রহমানসহ জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।