মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এবার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাটির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।
সভায় জেলার সব উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালগুলোর চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা, টিকাদান কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত রিপোর্টিং কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ময়মনসিংহ জেলার জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা সম্মিলিতভাবে নিরলস কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।