সিরাজগঞ্জ প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১২০০ দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তার নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে মাংস বিতরণ করেন। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার আদর্শকে ধারণ করে প্রতিবছর বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের শাহাদত বার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাংস বিতরণ শেষে আয়োজিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করাই জিয়াউর রহমানের আদর্শের অন্যতম শিক্ষা এবং সেই আদর্শকে ধারণ করেই সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
হাজী আব্দুস সাত্তার বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সমাজের বিত্তবান মানুষরাও মানবিক কাজে এগিয়ে আসুন। সবাই মিলে কাজ করলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”
সিরাজগঞ্জ পৌরবাসীর কাছে হাজী আব্দুস সাত্তার একজন পরিচিত সমাজসেবক ও মানবিক মানুষ হিসেবে সুপরিচিত। স্থানীয়দের কাছে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগ ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
ফাউন্ডেশনটি নিয়মিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া পরিবেশ রক্ষায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছে।
পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নিয়মিত সিরাজগঞ্জ সদর ও পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছেন। শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে সংগঠনটি।
এছাড়া জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সড়ক মেরামত, স্পিড ব্রেকারে রঙ করা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায়ও সক্রিয় ভূমিকা পালন করছেন হাজী আব্দুস সাত্তার। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করেও তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
ক্রীড়াঙ্গনেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং তাদের মেধা বিকাশে নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তিনি। বর্তমানে তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা মনে করেন, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে হাজী আব্দুস সাত্তার এবং তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ভূমিকা সিরাজগঞ্জের মানুষের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা।