ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও কসমেটিকসের লেবেলে প্রয়োজনীয় তথ্য-ছাড়পত্র না থাকায় তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ও নিমগাছী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে সাথী বেকারি, বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস এবং জিয়াসমিন শোরুমে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগে সাথী বেকারির মালিক কুলসুম আরাকে ২০ হাজার এবং বেলি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মালিক জাকির হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিদেশি কসমেটিকসের লেবেলে আমদানি-সংক্রান্ত তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকায় জিয়াসমিন শোরুমের মালিক জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম হোসেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)-এর সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।