নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫টি ইয়াবাসহ মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় একজন, শিশু বলাৎকারের মামলায় একজন, ডাকাতির মামলায় দুজন, দস্যুতার মামলায় দুজন, ওয়ারেন্টভুক্ত ছয়জন এবং ২২ জন মাদকসেবী রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।