নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিবারতন্ত্রের পরিবর্তে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে সমাজে মানসিক অধঃপতন ও পদ-পদবির প্রতি অতি আকর্ষণের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সার ডিলার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি সহায়তা বিতরণে প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাওয়ার প্রবণতা দেখা যায়। বিধবা ভাতা ও বেকারদের সহায়তার মতো কর্মসূচিতেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যোগ্যতা ও প্রকৃত প্রয়োজনের ভিত্তিতেই এসব সুযোগ-সুবিধা বণ্টন করা উচিত।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের সমালোচনা করে হাসনাত অভিযোগ করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধিতা সত্ত্বেও তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন। এ সময় তিনি উপাচার্যের বিরুদ্ধে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কার্যালয়ের তালা ভাঙার অভিযোগও তোলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পদ-পদবির চেয়ে শিক্ষা, ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ ও নৈতিকতার গুরুত্ব বেশি হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, বাজার-হাট ও রাজনৈতিক অঙ্গনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের প্রবণতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কারণে যেন যোগ্যরা বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশেষ আলোচক ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
ছাত্রশক্তির জেলা কমিটির সদস্যসচিব সারফারাজ হক সজীব ও মহানগর কমিটির সদস্যসচিব মো. জহিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক সিফাত দেওয়ান।