চলনবিলের ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তানভিরুল হক।
পানি সম্পদ মন্ত্রণালয়ের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং পাবলিক ট্রাস্ট সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলনবিলের বর্তমান অবস্থা, পানি ও ভূমি ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং বিলনির্ভর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন অধিদপ্তরের সিনিয়র স্পেশালিস্ট মোহাম্মদ তানভিরুল হক, সোশ্যাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসাইন, বাফার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহরাজুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, চলনবিলের স্বাভাবিক পানি প্রবাহ, কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে বিলের প্রাকৃতিক জলাধার, নদী-খাল ও নালা সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী ও খালগুলো অবৈধ দখলমুক্ত করা জরুরি। পাশাপাশি বিলের ফসলি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, পানি দূষণ রোধ এবং জলাভূমির স্বাভাবিক পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি চলনবিলের পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলনবিলের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাদের মতামতের ভিত্তিতে চলনবিল পুনরুদ্ধার ও উন্নয়নে সম্ভাব্য কার্যক্রম নির্ধারণে সমীক্ষাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।