ফিরোজ আল আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষিদ্ধ পদ্ধতিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচগাছির চর ও বেলুটিয়া গ্রামসংলগ্ন যমুনার ৪ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলুটিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ (২৬), আসলাম (৩৮), আব্দুল কাদের (২০), সুমন মোল্লা (২০) ও ইউসুফ আলী।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, যমুনা নদীর ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক শক ব্যবহার করে মাছ শিকার করে আসছিল—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার পদ্ধতি নদীর মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ পদ্ধতিতে বড় মাছের পাশাপাশি মাছের পোনা, ডিম, বিভিন্ন ক্ষুদ্র জলজ প্রাণী ও অন্যান্য জলজ জীবও মারা যেতে পারে। ফলে নদীর স্বাভাবিক খাদ্যশৃঙ্খল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
যমুনার মতো গুরুত্বপূর্ণ নদীতে এ ধরনের অবৈধ মাছ শিকার অব্যাহত থাকলে দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক জলজ সম্পদের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই অবৈধ বৈদ্যুতিক মাছ শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নৌ পুলিশ জানিয়েছে, নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।