সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় অনুমোদনহীন কীটনাশক ও সার এবং ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
অভিযানকালে অনুমোদন ছাড়া কীটনাশক ও সার বিক্রির দায়ে মেসার্স হিমু বীজ ভাণ্ডারের মালিক হারুন অর-রশিদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বেলকুচির সমেশপুর বাজারে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে মেসার্স হাফিজুল স্টোরের মালিক হাফিজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ভোক্তাদের নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অনুমোদনহীন কীটনাশক ও সার এবং ভেজাল খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় স্থানীয় বাজারগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, বাজারে কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অবৈধভাবে মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ভোক্তাদের পণ্য কেনার সময় মূল্য তালিকা, উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্য এবং পণ্যের মান যাচাই করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় বাজারে অনিয়ম, ভেজাল খাদ্য, অনুমোদনহীন কৃষি উপকরণ বিক্রি এবং মূল্য কারসাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলেন, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তাদেরও সচেতনভাবে পণ্য কেনার বিষয়ে সতর্ক থাকতে হবে।