আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামে অবস্থিত জি এম অ্যাকোয়া কালচার নামে মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার জাতীয় মৎস্য পদক-২০২৬ পেয়েছেন।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়। বিশেষ করে পাঙ্গাশ, কই ও তেলাপিয়া মাছ উৎপাদনের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন ও জাতীয় মৎস্যভাণ্ডার সমৃদ্ধ করতে জি এম মৎস্য উৎপাদন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল মহিত তালুকদার এর আগে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকেও জাতীয় মৎস্য পুরস্কার লাভ করেন। এছাড়া মৎস্য উৎপাদনে অবদানের জন্য তিনি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়েও একাধিকবার পুরস্কার অর্জন করেছেন।
জাতীয় মৎস্য পদক-২০২৬ অর্জনের বিষয়ে আব্দুল মহিত তালুকদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চলে মৎস্য উৎপাদন করে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। এ অর্জনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”