মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
“বাসযোগ্য দেশ চাইলে গাছ লাগানোর বিকল্প নেই”—এই আহ্বানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের পাশের জমিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন এমপি বলেন, “চুয়াডাঙ্গায় শীত যেমন তীব্র, তেমনি গরমের সময়ে মানুষের জীবন অসহনীয় হয়ে ওঠে। ফলে বসবাসের জন্য পরিবেশ ক্রমেই প্রতিকূল হয়ে পড়ছে। নিজের জন্মভূমিকে বৈরী আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।”
তিনি আরও বলেন, “এ লক্ষ্যে আমরা চুয়াডাঙ্গা জেলায় ৩০ হাজার বৃক্ষরোপণ করব। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চুয়াডাঙ্গা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সমাজকল্যাণ সভাপতি আব্দুল কাদের, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, সদর আমির মাওলানা বেলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির প্রথম দিনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও ছাদে টবে বিভিন্ন জাতের মোট ২০০টি চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।