মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আসন্ন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাসম্পন্ন রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়ায় স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আলহাজ্ব মো. সিরাজ উদ্দিনের রয়েছে দীর্ঘ রাজনৈতিক পথচলা। ১৯৮৫ সালে তিনি বৃহত্তর রামগতি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় সংগঠনের সভাপতি ছিলেন চর লরেন্স ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন। পরবর্তীতে ১৯৯৩ সাল থেকে তিনি চর আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় তিনি রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও চর আলগী ইউনিয়নে তার পরিচিতি রয়েছে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি চর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট, সামাজিক অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন তার সমর্থকরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বিশেষ করে সাধারণ ভোটারদের একটি অংশ তাকে অভিজ্ঞ ও পরিচিত প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন বলেন, “ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ও নীতির সঙ্গে পথ চলছি। আজীবন এই দলের সঙ্গে যুক্ত থাকতে চাই। চর আলগী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসাই আমার মূল শক্তি। জনগণের সেবাকেই আমি নিজের ব্রত মনে করি। জনগণ ও দলের সমর্থন পেলে এবারও চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করবেন।
এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় চর আলগী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনও সরব হয়ে উঠছে। ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল হবে।