ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি খালের কচুরীপানার ভেতর থেকে মিলন মিয়া (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত পাঁচ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খালের কচুরীপানার ভেতরে লাশটি দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে তারা পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজ করতে গিয়ে কয়েকজন কৃষক খালের কচুরীপানার মধ্যে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকার উদ্দেশ্যে রওনা হন মিলন মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি কয়েকদিনের পুরোনো হওয়ায় শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহতের পরনে একটি টি-শার্ট ও ফুল প্যান্ট ছিল।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।