ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি, চারা বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বিআরডিবির সমবায়ী সুফলভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। এ সময় জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ মফিজ উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পাইসাউ মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের পল্লী উন্নয়ন ও সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।