প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়ার বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের সভাপতিত্বে এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ক্যাম্পেইন শতভাগ সফল করতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাব্বির হোসেন। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. হালিমা খানম জানান, চলতি বছরের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১টি স্থায়ী কেন্দ্র এবং ১২০টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১২১টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি জানান, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ১৮৫ জন শিশুকে লাল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৩২৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে উপজেলার ১৬ হাজার ৫১২ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।