হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার সদর উপজেলায় একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাবিল মোড় এলাকায় ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এলাকাবাসীর দাবি, ফরিদ একটি কথিত সশস্ত্র বাহিনীর সক্রিয় সদস্য। তার কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গণপিটুনির কারণে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বৈধতা যাচাই এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।