এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও বিভিন্ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা প্রকৌশলী মোঃ আসহাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, চাঁনশিকারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জাহিদুল ইসলাম এবং জেকে পোল্লাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, রেজিস্ট্রার কাজী এবং স্থানীয় সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউএনও মোঃ নাহিদ হোসেন উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উপজেলার যেকোনো সমস্যা সমাধানে প্রশাসন কাজ করবে। তিনি আরও জানান, জনগণের যেকোনো সমস্যা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণে তার কার্যালয়ের দরজা সবসময় উন্মুক্ত থাকবে।
সভা শেষে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।