সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল এলাকায় হঠাৎ করেই এ মিছিল বের করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হলেও এর ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। ভিডিও ফুটেজে মো. রিদুয়ানুল ইসলামকে মিছিলের সামনে থেকে স্লোগান দিতে দেখা গেছে।
জানা গেছে, মিছিলের এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। একই ভিডিও মো. রিদুয়ানুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতেও পোস্ট করা হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ছাত্রলীগের মিছিল হয়েছে—এমন তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন বলেন, “ছাত্রলীগ মিছিল করতে পারে—এমন আশঙ্কা থেকে আমরা প্রতিহত করার প্রস্তুতি নিয়েছিলাম। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।