আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার ৫ নম্বর তালন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, ভিডিও শো প্রদর্শন ও বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে তুলে ধরা।
কর্মসূচির শুরুতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠানে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, সুবিধা এবং মামলা পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম। ভিডিও শোর মাধ্যমে উপস্থিত জনসাধারণকে গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকারিতা তুলে ধরা হয়।
আলোচনা সভায় জানানো হয়, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনধিক তিন লাখ টাকা মূল্যমানের বিরোধ বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় গ্রাম আদালতে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এছাড়া দেওয়ানি মামলার ক্ষেত্রে মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে ১০ টাকা ফি দিয়ে মামলা দায়ের করা যায়, যা সাধারণ মানুষের আইনি ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, “গ্রাম আদালত স্থানীয় বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। নামমাত্র খরচে বিচারিক সেবা পাওয়ার এই সুযোগ সম্পর্কে জনগণকে আরও সচেতন হতে হবে। এতে গ্রাম পর্যায়েই ছোটখাটো বিরোধ মীমাংসার মাধ্যমে সামাজিক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব হবে।”
অনুষ্ঠানে তালন্দ ইউনিয়ন পরিষদের সচিব রাশেল, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে আইনগত সহায়তা, ন্যায়বিচার ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।