মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং খাদ্য তৈরিতে শিল্পে ব্যবহৃত আয়োডিনবিহীন লবণ ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকায় পরিচালিত তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে তারিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স টি জে ফুড প্রোডাক্টস-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ব্যাচ নম্বর এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা, খাদ্য উৎপাদনে শিল্পে ব্যবহৃত আয়োডিনবিহীন লবণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রয় থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
অভিযান শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ব্যবসা পরিচালনায় কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বন না করার জন্য সতর্ক করে দেয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকারী দল।