ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (যুবক) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ তালুকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিহতের বাবা আব্দুর রহিম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার খোসালপুর গয়হাট্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন কোনাগাঁতী গয়হাট্রা গ্রামের আব্দুর রহিমের ছেলে। আর গ্রেপ্তার মারুফ তালুকদার খোসালপুর গয়হাট্রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মারুফ তালুকদার আকরামকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে বাড়ির আঙিনায় আকরামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের কেউ কেউ মাদকসংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করলেও পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।