মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,
লক্ষ্মীপুরের কমলনগরে ভাগ্নের সাবেক স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের স্বজনদের হামলায় ফজলে আলী (৬০) ওরফে হাজারি নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ফজলে আলী চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার বাসিন্দা এবং মেঘনা নদীর ভাঙনে স্থানান্তরিত হয়ে সেখানে বসবাস করছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের জের ধরে ফজলে আলীর ভাগ্নে দেলোয়ার মাহমুদের সঙ্গে বটতলী এলাকার জামাল হোসেনের মেয়ে জেরিন আক্তারের বিয়ে হয়। কিছুদিন পর পারিবারিক বিরোধে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সম্প্রতি জেরিনের অন্যত্র বিয়ে হলে ফেনীতে কর্মরত দেলোয়ার ফেসবুকে একটি আবেগময় পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে জেরিনের স্বজনরা বটতলী বাজারে মামা ফজলে আলীর কাছে অভিযোগ জানান। ফজলে আলী বিষয়টির সুরাহার আশ্বাস দিলেও জেরিনের আত্মীয়রা তাঁর ওপর আকস্মিক হামলা চালায়। এলোপাতাড়ি কিল-ঘুষি ও মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রাতেই তাঁর মৃত্যু হয়।
বটতলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরনবী জানান, মাহফুজের নেতৃত্বে ১০-১৫ জন প্রকাশ্যে এই হামলা চালায়। হামলার পর মাহফুজের বাবা আবু তাহের ও নাজিম মেম্বার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। নিহতের ছেলে মো. ফয়সাল অভিযোগ করেন, স্থানীয় নাজিম মেম্বারের ইন্ধনে জেরিনের খালাতো ভাই মাহফুজ, রবিন, মামাতো ভাই নিহাদ, জিহাদ, খালু আবু তাহের ও বাবা জামাল এ হামলায় অংশ নেন। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় ছেড়ে আত্মগোপনে রয়েছে।