খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর ফারিয়া আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের মেঘনা নদীর তীর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
নিহত ফারিয়া চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে। সে কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফারিয়া তার চাচাতো বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেও ফারিয়ার সন্ধান পাননি। পরে বুধবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর তীরবর্তী ফকিরদিয়া এলাকায় ফারিয়ার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
ফারিয়ার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।