হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. হামিদুল ইসলাম টিটনকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভেড়ামারা থানা পুলিশ।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখের নির্দেশনায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার টিটন দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলায় আদালতের রায় রয়েছে। ওই মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশের দাবি, রায় ঘোষণার পর থেকে টিটন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ বলেন, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আদালতের পরোয়ানা তামিল ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।