ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেন।
সকাল থেকে পূজামণ্ডপগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। মন্ত্রপাঠ ও পূজার্চনার মধ্য দিয়ে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দর্পণ বিসর্জন, অঞ্জলি প্রদান ও সিঁদুরদানের আয়োজন করা হয়। বিভিন্ন মণ্ডপে নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। ঢাকের বাদ্য, গান ও নাচে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
দুপুরের পর শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। ভক্তরা শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে নির্ধারিত বিসর্জনস্থলে যান। সেখানে ধর্মীয় আচার শেষে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। এর মধ্য দিয়ে এ বছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এরপর ষষ্ঠী থেকে শুরু হয় মূল পূজার আয়োজন, যা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।
তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ সান্যাল বলেন, ‘উৎসবের শেষ দিনে দেবী দুর্গার কাছে সবার মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মানুষ যেন শান্তি ও নিরাপদে থাকতে পারে এবং সব সংকট কাটিয়ে উঠতে পারে—এটাই আমাদের প্রার্থনা।’
বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর সময় ভক্তদের মধ্যে ছিল আবেগ ও বিষাদের আবহ। আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব।