দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডোবার পানিতে পড়ে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন এবং পাশাপাশি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সোমবার (১ জুন) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি মোড় এলাকায় বাউসী-কেন্দুয়া সড়কের পাশে আব্দুল হান্নান মাস্টারের গভীর ডোবায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ডোবা থেকে তার মরদেহ ও অটোভ্যান উদ্ধার করেন।
নিহত ওমর ফারুকের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধরাটি গারো বাজার এলাকায়। তার বাবার নাম হেমন্ত। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্বে অন্য ধর্মাবলম্বী ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে ওমর ফারুক নাম ধারণ করেন।
স্থানীয়দের ধারণা, সোমবার রাতে কাজ শেষে অটোভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে সেঙ্গুয়া সরকার বাড়ি মোড় এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ডোবায় পড়ে যান। গভীর রাতে ঘটনাটি ঘটলেও কেউ তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পাননি। পরে সকালে স্থানীয় লোকজন ডোবায় ভ্যান দেখতে পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানায়।
খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ চেষ্টার পর ডোবা থেকে অটোভ্যান ও ওমর ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ডোবা থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা জানান, পরিবারের উপার্জনক্ষম সদস্য হিসেবে ওমর ফারুকের মৃত্যু তাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রাও এমন দুর্ঘটনা এড়াতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।