আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পার্বতীপুর উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় শহরের নতুন বাজার শহীদ মিনার সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লোস সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ল্যাম্ব হাসপাতালের সাবেক গণসংযোগ কর্মকর্তা এনোস সরেন, রানু আক্তার, মৃণাল মুর্মু, মিনতি মার্ডি, শিশ মুর্মুসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সমতলীয় আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরিবেশিত হয় মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনকে ঘিরে পার্বতীপুরে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।