মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ১৪ জুন ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এছাড়াও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. আলাউদ্দিন আজাদকে সদস্য এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ দিদারুল ইসলাম খন্দকার (দিদার খন্দকার)-কে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির সদস্য-সচিব মনোনীত হওয়ায় মোহাম্মদ দিদারুল ইসলাম খন্দকার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সংশ্লিষ্ট সকল ক্রীড়া সংগঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয় ক্রীড়ামোদী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নতুন এই অ্যাডহক কমিটির মাধ্যমে রামগতি উপজেলার ক্রীড়া অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। তাদের মতে, এ কমিটির কার্যকর উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপজেলার ক্রীড়া উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।