আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর তানোরে রোড শো ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত, নেটজ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘এনগেজ’ প্রকল্পের উদ্যোগে বুধবার (১০ জুন) সকালে তানোর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন। ডাসকোর সমন্বয়কারী রুহুল আমিনের সভাপতিত্বে এবং এরিয়া অফিসার মাকসুদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল হক, উপজেলা বন কর্মকর্তা সারোয়ার জাহান এবং তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। এছাড়াও শিক্ষার্থী, সিএসও সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সজ্জিত যানবাহনের সমন্বয়ে আয়োজিত রোড শোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাই প্রত্যেক নাগরিককে পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে সিএসও সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে চারা তুলে দেন এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
পরে ১৬টি সুসজ্জিত অটোবাইক নিয়ে একটি বর্ণাঢ্য রোড শো বের করা হয়। এতে সুশীল সমাজ সংগঠনের সদস্য ও এনগেজ প্রকল্পের কর্মীরা অংশ নেন। জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ সহনশীলতা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত অটোবাইকগুলো উপজেলার কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরঞ্জাই, তালন্দ ও চান্দুড়িয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে।
রোড শো চলাকালে গম্ভীরা পরিবেশনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, পানি সংরক্ষণ, খরা মোকাবিলা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা প্রচার করা হয়।
উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।