মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. মাহিন ও শ্বশুর মোহাম্মদ হানিফ পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের দাবি, কাবিননামার অর্থ বৃদ্ধি এবং পারিবারিক বিরোধের জেরে মীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মীম ও মাহিনের বিয়ে হয়। সে সময় নোটারি পাবলিকের মাধ্যমে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়। সম্প্রতি দুই পরিবারের মধ্যে পুনরায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলে মীমের পরিবার কাবিনের পরিমাণ ৮ লাখ টাকা করার দাবি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়।
নিহতের শাশুড়ি মাইনুর বেগম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ফিরে এসে মীমকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাকে নিচে নামান।
অন্যদিকে, নিহতের চাচা রাকিব হোসেন অভিযোগ করেন, কাবিন নিয়ে বিরোধের জেরে মীমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তার দাবি, মীমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং যে ঘরে মরদেহ পাওয়া গেছে সেখানে ফাঁস দেওয়ার মতো পর্যাপ্ত উচ্চতাও নেই।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।