মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ৮টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর বেলা সাড়ে ১১টায় সাহিত্য পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য গভীর শোক ও বেদনার দিন। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের অন্যতম রূপকার। দেশের গণতান্ত্রিক উত্তরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক রাষ্ট্র গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তাঁর আদর্শ ও কর্মদর্শন ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান ও আদর্শ তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।”
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু (পিপি), পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুল রউফ, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, আবু জাফর মন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়েও নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, গণভোজ, দোয়া মাহফিল এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।