হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুর ২টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদায়ী ইউএনও’র প্রতি সম্মান ও শুভেচ্ছা জানান। বক্তারা তাদের বক্তব্যে রফিকুল ইসলামের কর্মদক্ষতা, সততা, দায়িত্বশীলতা এবং জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল হয়েছে এবং সাধারণ মানুষ প্রশাসনিক সেবায় ইতিবাচক পরিবর্তন অনুভব করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সাবেঈন ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানা-এর অফিসার ইনচার্জ জাহেদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত কর্মকর্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।