অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি
নিজস্ব প্রতিনিধি:
ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তাড়াশ সদর ইউনিয়নের অভিযুক্ত ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাকে চরগিরিশপুর ইউনিয়ন ভূমি উপসহকারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে, যা কাজিপুর উপজেলার অন্তর্ভুক্ত।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘুষ দাবি, খাজনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের হয়রানির একটি লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন ছিল। তদন্তাধীন থাকা অবস্থায় তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্যত্র সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীদের কেউ কেউ তার বদলির খবরে এলাকায় মিষ্টিও বিতরণ করেছেন । ভুক্তভোগীরা প্রশাসনের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও, পূর্ণাঙ্গ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) জানান, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভূমি অফিসে সেবাগ্রহীতারা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।








