আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক মার্কেট দখলের চেষ্টায় আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার সান্তাহার দৈনিক বাজার ডালপট্টির মেইন রাস্তা সংলগ্ন এলাকার রাজ্জাক ক্লথ স্টোরের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০) সানী (৩৭) ও হাসিব (২৫) রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গত ১৯ ফেব্রয়ারী আব্দুর রাজ্জাকের ছোটো ভাই আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই মার্কেটের ওপর নিষেধাজ্ঞা জারি করে। মার্কেটের স্বত্বাধিকারী ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি বলেন, উপজেলার সান্তাহার মেইন রাস্তা সংলগ্ন মেসার্স সপ্তভা শাড়ী বিতান নামে তার এবং নিবিড় বস্ত্র বিতান নামে তার আপন ভাতিজা নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তার আপন বড়ো ভাই আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটিসহ পুরো মার্কেট দখলের পাঁয়তারা করছিলো। পরিস্থিতি মোকাবিলায় আব্দুল্লাহ আল কাফি বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। গত ১৯ ফেব্রয়ারি বিচারক ওই মার্কেটের শৃঙ্খলা বজায় রাখতে নিষেধাজ্ঞা জারি করে সেই সাথে আদমদীঘি থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার দুপুরে কাফির বড়ো ভাই আব্দুর রাজ্জাকসহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নেওয়ার জন্য গেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ওই মার্কেটে আদালত কর্তৃক জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে দখলের চেষ্টা করলে শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।








