ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু হাসেম এবং সেক্রেটারি পদে তরিকুল ইসলাম মন্টু নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৭০৮ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনে ‘হাসেম-ইসমাইল-ফরহাদ-উজ্জ্বল’ ও ‘রফিক-মন্টু-আহম্মেদ-মামুন’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
চেয়ারম্যান পদে আবু হাসেম ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পান ১৮৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. ইসমাইল হোসেন ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আহম্মাদ আলী পান ২৭৫ ভোট।
সেক্রেটারি পদে তরিকুল ইসলাম মন্টু ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ফরহাদ আলী পান ২৭১ ভোট। ট্রেজারার পদে মামুনার রশিদ মামুন ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া উজ্জ্বল পান ৩০৯ ভোট।
এ ছাড়া পরিচালক পদে আব্দুল মোমিন খোকন ৩৫৬ ভোট এবং আব্দুল হান্নান ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী মুনজুর মুরশেদ ২৪৬ ভোট ও কবিরুল ইসলাম ২০০ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান আবু হাসেম বলেন, “সংগঠনের শিক্ষক-কর্মচারীরা আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার যথাযথ মর্যাদা দেব। সদস্যদের কল্যাণ ও সমিতির সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”