লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলার কাশফুল চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৩৫ জন তরুণ-তরুণী অংশ নেন।
প্রশিক্ষণের প্রতিপাদ্য ছিল—‘Inclusive Interactive Capacity Building Discussion on Gender Stereotypes, Digital Safety, Media Literacy and Advocacy’।
প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা, অনলাইন নিরাপত্তা, গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল মাধ্যমে নিরাপদ আচরণ এবং তথ্য যাচাই করে গণমাধ্যম ব্যবহারের বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
আয়োজকরা বলেন, বর্তমান সময়ে তরুণ-তরুণীদের জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করার পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোনায়েদ আহমেদ, সভাপতি আবু বকর ও মহিলা বিষয়ক সম্পাদক রিক্তা বেগম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।