মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে সার মজুদের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি সার গোডাউনে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিএডিসি সার ডিলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত করা সারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানের কর্মচারীরা।
অভিযানে গোডাউন থেকে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি এবং ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষকদের জন্য নির্ধারিত সার সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।