সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত চারটি চুনা তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। পরে এক্সকাভেটর দিয়ে কারখানাগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল অভিযানে নেতৃত্ব দেন।
তিতাস গ্যাসের সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কিছু ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা তৈরির কারখানা পরিচালনা করছেন। এসব কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ২০ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযানের সময় তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিপুলসংখ্যক পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অভিযানে উপস্থিত ছিলেন।