ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জালাল উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায় নওগাঁ-হ-১৩-৫৩২২ নম্বরের একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী ‘সাথী এন্টারপ্রাইজ’ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলসহ চালক বাসের নিচে ঢুকে পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জালাল উদ্দিনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভোলাহাট থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে নেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।