সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতি শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা এবং কনফিডেন্স নিটওয়্যার লিমিটেড ও কনফিডেন্স টেক্সওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ আবেদ।
এছাড়া বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর-এ-ইয়াসিন নোবেল, বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, আবদুর রাহিম, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বি. আর. বিলকিস এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত চারজন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বি. আর. বিলকিস এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা ও সম্মাননা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় এবং অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপি ও বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হামছাদী এলাকার বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।