পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্কুলের ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মমতাজ খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ডা. মো. গোলাম মোস্তফা এবং ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ৫৩ জন শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।
ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১২ জুলাই প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল থেকে মোট ৫৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৮ জন ট্যালেন্টপুল এবং ৩৫ জন সাধারণ বৃত্তি অর্জন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. আব্দুল হাকিম বলেন, “৫৩ জন শিক্ষার্থীর এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি বিদ্যালয়, অভিভাবক এবং সমগ্র ভাঙ্গুড়াবাসীর জন্য গর্বের। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মমতাজ খানম বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, “মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল ভাঙ্গুড়া উপজেলার অন্যতম সাফল্যময় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও উপজেলার শ্রেষ্ঠত্ব ধরে রেখে আরও সাফল্য অর্জন করবে।”