ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নসহ আটটি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবির প্রেক্ষিতে নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দপ্তর দ্রুত নির্মাণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পাঁচবাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমাটিয়া বাজারে পাঁচবাগ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ মোফাখখারুল হক টুটুল।
সমাবেশে বক্তব্য দেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজহার মাহমুদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম কাঞ্চন, দক্ষিণ গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক মাহমুদুর রহমান সুজন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরকার সজল, যুবদল নেতা আল আমিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম সুমন, আজিজুল হক ও মো. রোকন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারি গেজেট অনুযায়ী দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন নয়াবাড়ি মৌজায় স্থাপন করা হলে আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে প্রশাসনিক সেবা পাবেন। এতে বর্তমান গফরগাঁও উপজেলা সদরে গিয়ে সেবা নিতে যে দীর্ঘদিনের ভোগান্তি পোহাতে হয়, তারও অবসান ঘটবে।
তারা দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আমাটিয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে “গেজেট হইছে যেইখানে, উপজেলা হবে সেইখানে” লেখা ব্যানার ও ফেস্টুন দেখা যায়।