মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রবীণ হিতৈষী সংঘ ময়মনসিংহ জেলা শাখা, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং প্রবীণ ঐক্য সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ময়মনসিংহের সভাপতি অধ্যাপক মো. আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক মো. নাসির উদ্দিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতান আহমেদ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ কর্মজীবনে তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই জীবনের শেষ পর্যায়ে তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক মর্যাদা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের জন্য সহায়ক ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
আলোচনা সভায় প্রবীণদের বিভিন্ন সমস্যা, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা এবং পরিবার ও সমাজে প্রবীণদের মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।