বুলবুল আহম্মেদ বুলু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের কান্দা মধ্যপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বকুল হোসেন (৫০) ও তার ১১ বছরের ছেলে মেশকাতের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় পিতা-পুত্র দুজনই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে কান্দা মধ্যপাড়া এলাকায় জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বাসিন্দা বকুল হোসেন ও তার ছেলে মেশকাত উভয় পক্ষকে ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকার জন্য বাধা দেন।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে একই গ্রামের আজিজারের ছেলে বাবুল হোসেন ও সুজাউল হোসেন, বাবুলের স্ত্রী খালেদা, সুজাউলের স্ত্রী নিলু এবং বাবুলের ছেলে ওমর আলী উত্তেজিত হয়ে বকুল হোসেন ও তার ছেলে মেশকাতের ওপর হামলা চালান। এ সময় তাদের হাতে হাসুয়া, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় বকুল হোসেন ও তার ছেলে মেশকাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বদলগাছী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।