পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিবন্ধন ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই দাঁতের চিকিৎসা দেওয়ার অভিযোগে মাহমুদুল হাসান শাহীন নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার পরিচালিত ‘আলিফ ডেন্টাল কেয়ার’ চেম্বারের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় ‘আলিফ ডেন্টাল কেয়ার’-এ অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম।
অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখতে পান, মাহমুদুল হাসান শাহীন প্রয়োজনীয় ডিগ্রি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় তার চেম্বারে চিকিৎসাসেবার কার্যক্রম পরিচালনার বিষয়টিও নজরে আসে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএমডিসির বৈধ নিবন্ধন ছাড়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ‘আলিফ ডেন্টাল কেয়ার’-এর সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে মাহমুদুল হাসান শাহীন সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ অপরাধে আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে এবং চেম্বারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ডেন্টাল চিকিৎসা দিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিডিএস (BDS) ডিগ্রি ও বিএমডিসির বৈধ নিবন্ধন থাকা বাধ্যতামূলক। ভুয়া ডিগ্রি বা পরিচয় ব্যবহার করে চিকিৎসাসেবার নামে জনগণের সঙ্গে প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকায় চিকিৎসার নামে অননুমোদিত ব্যক্তিদের কার্যক্রম বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।