ক্যহলাচিং মারমা
খাগড়াছড়ি প্রতিনিধি:
“বৃক্ষরোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি পারদর্শী বড়ুয়া।
শনিবার উপজেলা কৃষকদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মানিকছড়ি উপজেলা কৃষকদলের সভাপতি মো. আল ফারুক সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক অংগ্য মারমা।
সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষকদলের জেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান মাস্টার, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক সফিকুর ইসলাম বেপারী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আব্দুল রাজ্জাক, তিনটহরী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. হানিফ এবং বাটনাতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. খোকন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পারদর্শী বড়ুয়া বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা জামতলা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।